গোপালগঞ্জে হিরু মোল্লা হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একই মামলায় আরও ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাজির আহমেদ এ আদেশ দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- জাকারিয়া শাপু, আলীউজ্জামান খোকন মাস্টার, শাহাদত হোসেন, হেমায়েত উদ্দিন ও শাজাহান। তাদের মধ্যে শাপু ও শাজাহান পলাতক।
আদালতের এপিপি শহীদুজ্জামান পিকু জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সাজার আদেশ দেওয়া হয়েছে। আর ১০ বছরের সাজাপ্রাপ্ত ৩ জনকে ১০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে, তা না হলে আরও ছয় মাস জেল খাটতে হবে।
এছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত ১৭ জনের মধ্যে ৩জন পলাতক। ১০ বছরের সাজাপ্রাপ্ত ৩জনের মধ্যে ২জন পলাতক রয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মহাজন সিরাজুল হক হিরু মোল্লাকে ১৯৯৯ সালের ১০ অক্টোবর কুপিয়ে হত্যা করা হয়।
ওইদিন দুপুরে জুমার নামাজ পড়ে তিনি নৌকায় বাড়ি ফেরার পথে আসামিরা নৌকায় হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
হিরুর স্ত্রী আমেনা বেগম পরদিন ৩৭ জনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় এই হত্যা মামলা দায়ের করেন।
এমবি





