ছাত্র খুনের জের ধরে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামের বেসরকারী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আজ সোমবার খুলেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরী সিদ্ধান্তে রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে খুন হওয়া নগরীর ওয়াসা (দামপাড়া) ক্যাম্পাসটি আপাতত বন্ধ থাকছে।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজিব বলেন, ‘এতোদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম চালু ছিল।

তবে আপাতত দামপাড়া ক্যাম্পাস ছাড়া অন্য ক্যাম্পাস গুলো খুলে দেওয়া হয়েছে। সকালে থেকে জামালখান, পাহাড়তলী ও প্রবর্তক ক্যাম্পাসে ছাত্র ছাত্রীরা আসতে শুরু করেছে।

এসব ক্যাম্পাসে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশী নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।’

দামপাড়া ক্যাম্পাসের বাণিজ্য অনুষদ খুলে না দেওয়ার ব্যাপারে প্রক্টর বলেন, ‘ছাত্র হত্যার ঘটনায় ওই ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর করা হয়েছে।

পাশাপাশি সংঘর্ষের পর থেকে বিশ্ববিদ্যালয়টি বন্ধ রয়েছে। পুলিশ ঘটনাস্থল তদন্ত করে দেখছে। এরপর পুলিশ ক্যাম্পাসটি আমাদের জিম্মায় দিলে সংস্কার কাজ শুরু হবে। তারপর ক্যাম্পাস খুলে দেওয়া হবে।’

এদিকে সোমাবার থেকে ক্লাস শুরু হলেও পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হচ্ছে না। বিকেলে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানাগেছে।


এসএম