বরিশালের বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আহত হয়েছেন ওয়ার্কার্স পার্টির ১০ নেতাকর্মী।
শুক্রবার রাতে উপজেলার আগরপুর ইউনিয়নে অবস্থিত কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলা ওয়ার্কার্স পার্টির কর্মী লুতফুল কবির সবুজ, মো. মাসুম ও মো. খোকনসহ ১০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওয়ার্কার্স পার্টির উদ্যোগে শনিবার দেশব্যাপী সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে পদযাত্রা কর্মসূচি উপলক্ষে উপজেলার আগরপুর ইউনিয়নে শুক্রবার বিকেলে কর্মীসভার আয়োজন করে নেতাকর্মীরা। ওই সভায় বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ শেখ মো. টিপু সুলতান ও সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল হক নীলু অংশ নিয়ে চলে যান।
পরে সভাশেষে নেতাকর্মীরা উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খালিদ হোসেনের আড়িয়াল খাঁ নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করায় তার বিরুদ্ধে স্লোগান দিলে খালিদ হোসেন স্বপন ক্ষুব্ধ হয়ে ১৫ থেকে ২০ জনকে নিয়ে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা চালায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে র্যাব-পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ প্রসঙ্গে বরিশাল জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্যাহ বলেন, ‘বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
ইআর





