রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর গ্রামে পাওয়ার টিলার উল্টে দুই নার্সারী ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মেহেরেপুর জেলার গাংনী উপজেলার হাওয়াভাঙ্গা গ্রামের জানবক্সের ছেলে আমিনুল (৪০) ও শাহাদাতের ছেলে আহাদুল (৩০)। তারা গাংনী থেকে দেশের বিভিন্ন এলাকায় গাছের চারা বিক্রি করতেন।
আজ বুধবার সকালের দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে পুলিশের এসআই মান্নান জানান, পাওয়ার টিলারের সঙ্গে ট্রাকের বডি সেট করে বানানো গাড়িতে করে গাংনী থেকে ভোরে আম ও ডালিম গাছের চারা নিয়ে ফরিদপুর যাচ্ছিলেন আমিনুল ও আহাদুল। পরে সকালের দিকে চাঁদপুর এলাকায় এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আমিনুল ও আহাদুলের মৃত্যু হয়।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেছে বলেও জানান এসআই আব্দুল মান্নান।
কেএইচ





