শিমুলিয়া-চরজানাজাত নৌ-রুটে খনন কাজের জন্য আগামী ১১ থেকে ১৫ সেপ্টেম্বর সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, শিমুলিয়া-চরজানাজাত নৌ-রুটে লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকটের কারণে গত ২০ আগস্ট থেকে বিআইডব্লিউটিসির রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র কে-টাইপ ফেরি দিয়ে সীমিত আকারে ফেরি সার্ভিস চালু আছে।
‘চ্যানেলটি পুরোপুরি ফেরি চলাচলের উপযোগী করতে ড্রেজিং (খনন) শুরু হয়েছে। দ্রুত ড্রেজিংয়ের কাজ সমাপ্ত করতে আগামী ১১ থেকে ১৫ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সাময়িক এ অসুবিধার জন্য বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে এ সময় যানবাহন মালিক, চালক ও যাত্রীসাধারণকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
শিমুলিয়া-চরজানাজাত নৌ-রুট দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৩টি জেলার মানুষ যাতায়াত করে থাকে বলে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জানা গেছে।
জেআই





