বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধারে এক হাজার ১২৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ‘বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার’ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় ‘বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার’ প্রকল্পটি সংশোধিত আকারে অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় জানানো হয়, পলি পড়ার কারণে বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর ধারণ ক্ষমতা কমে গেছে। এর ফলে শুষ্ক মৌসুমে নদীর প্রবাহ থাকে না এবং নাব্যতা কমে যায়। উত্সমুখে পলি পড়ে নদী ভরাট হয়ে যায়। প্রকল্পটির আওতায় নদীগুলো খনন করে সারা বছর নৌ-যান চলাচলের ব্যবস্থা করা হবে। বুড়িগঙ্গায় অবৈধ জবরদখলকৃত জমিও উদ্ধার করা হবে।

সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যানজট নিরসন, কার্যকর সড়ক যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়ন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে ১ হাজার ২৬ কোটি টাকার প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়।

এই দুই প্রকল্পসহ একনেক সভায় মোট সাতটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৩২৬ কোটি ৫০ লাখ টাকা।

এমআর