আগামী ৮ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে বাংলাদেশ ও জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের সফর উপলক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের লালদিঘিতে সিএমপির সদর দপ্তরে এক মিডিয়া ব্রিফিং-এ সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল এই নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।

পুলিশ কমিশনার জানান, বাংলাদেশ ও জিম্বাবুয়ে দলের খেলোয়াড়, আম্পায়ার, অফিসিয়াল কর্মকর্তা, আইসিসি কর্মকর্তা ও খেলা সংশ্লিষ্ট সকলের জন্য পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে খেলা সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি র‌্যাব, এপিবিএন, রেলওয়ে পুলিশ, আনসার, বিসিবি, হোটেল পেনিনসুলা, পিডিবি, ওয়াসা, বিটিআরসি, সিভিল সার্জন অফিস, সিএসসিআর, সিএমসিএইচ, সিটি কর্পোরেশন, ফায়ার ব্রিগেড, বিআরটিএ, সিডিএ, কর্ণফুলী গ্যাস ও কাস্টমস নিজ নিজ দায়িত্বে নিয়োজিত থাকবে।

স্টেডিয়ামে দর্শকদের কিছু জিনিস বহন ও সঙ্গে রাখা নিষিদ্ধ করা হয়েছে। যার মধ্যে রয়েছে আগ্নেয়াস্ত্র, অন্যান্য অস্ত্র, ধারালো অস্ত্র যেমন ছুরি, খেলনা অস্ত্র, বাজি, সিগারেট, দিয়াশলাই, ম্যাচ লাইটার, বিস্ফোরক, আগুন উৎপাদক দ্রবাদি, ধাতব রড, বাঁশ/বেতের লাঠি, লাঠি জাতীয় জিনিস, দাহ্য পদার্থ, প্রেসারাইজড গ্যাস কন্টেইনার, রাসায়নিক দ্রব্য, লেজার পয়েন্টার, আয়না, বডি স্প্রেপ্ জাতীয় কন্টেইনার, মাদক দ্রব্য, মদ, সফট ড্রিংকস, বোতল, ক্যান, যে কোন পানীয়, কোন জীবজন্তু, পাখি, উচ্চ শব্দ উৎপাদনকারী শিংগা, বাঁশি, হর্ণ, বাদ্যযন্ত্র, খাদ্যদ্রব্য, বাণিজ্যিক/প্রফেশনাল ক্যামেরা, অশ্লীল, রাজনৈতিক, সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকারী বক্তব্য ও ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, শক্তিশালী ক্যাসেট/সিডি প্লেয়ার, ইটের টুকরা, পাথর, ডিম ইত্যাদি।

সিএমপি কমিশনার বলেন, ‘ইতিপূর্বে আমরা আইসিসি টুর্নামেন্ট, টি-টুয়েন্টি টুর্নামেন্ট সুন্দর ও সফলভাবে সম্পন্ন করেছি।’ এ ব্যাপারে সহযোগিতা করার জন্য তিনি চট্টগ্রামের সকল সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় জনসাধারণ’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আসন্ন সিরিজ সফলভাবে সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, ‘চট্টগ্রামে রাস্তা পরিস্কার, দখলমুক্ত ও যানজট মুক্ত রাখতে পারলে চট্টগ্রামের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং চট্টগ্রামের প্রতি বিদেশি পর্যটকও আকৃষ্ট হবে। তাই চট্টগ্রামের সুনাম বৃদ্ধিতে তিনি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

প্রেস ব্রিফিং শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে নিয়ে পুলিশি ব্যবস্থার একটি মহড়ায় অংশগ্রহণ করেন।

৮ নভেম্বর সন্ধ্যা ০৬ টা ৪৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। ১২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দুই দল একটি টেস্ট ম্যাচ, ২১ ও ২৩ নভেম্বর দুটি ওয়ান-ডে (দিবা-রাত্রি) ম্যাচ এবং ১৯ নভেম্বর একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে নগরীর জহুর আহাম্মদ চৌধুরী ষ্টেডিয়ামে।

জেআই