সাভারের আশুলিয়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের নিশ্চিন্তপুর এলাকার নাসা গার্মেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবেল গাজী (২৯) ও হাসান আলী (৩০)। তাঁদের মধ্যে রুবেল আশুলিয়ার ফিরোজা গার্মেন্ট লিমিটেডের কর্মী। আর হাসান তাঁর বন্ধু, বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, রাতে রুবেল গাজী কাজ শেষে বন্ধু হাসানের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। নরসিংহপুর এলাকায় এসে পৌঁছামাত্র ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাস তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু কেন্দ্রে নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়। চালক বাস নিয়ে পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

এমবি