ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বর্হিগমন টার্মিনালে যাওয়ার পথে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ২৬ হজযাত্রী।
আজ সোমবার বেলা ১২টার দিকে হজযাত্রীদের বহনকারী একটি বাস টার্মিনালের দোতালায় উঠার সময় দুর্ঘটনা কবলিত হয়। পরে খবর পেয়ে র্যাব সদস্যরা যাত্রীদের উদ্ধার করেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খানা জানান, দুপুরে রাজধানীর মিরপুর থেকে আসা তামান্না গ্রুপের হজযাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো জ-১১-১৩০০) বিমান বন্দরের আন্তর্জাতিক বর্হিগমন র্যাম্প দিয়ে টার্মিনালের দোতালায় উঠার সময় হঠাৎ ব্রেক লক অকেজো হয়ে যায়। পরে বাসটি পিছনের দিকে নামতে নামতে রেলিং ভেঙে প্রায় ঝুলন্ত অবস্থায় আটকে যায়। এ সময় সিভিল এভিয়েশন ডাইরেক্টর গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধারে র্যাব এর নিকট তাৎক্ষণিক সহায়তা চান।
তিনি জানান, খবর পেয়েই দ্রুত র্যাবের একটি উদ্ধার টিম উদ্ধারকারী যান নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হজযাত্রীদের নিরাপদ অবস্থানে নিয়ে আসে এবং গাড়িটি উদ্ধার করে। তিনি বলেন, উদ্ধারকৃত গাড়িটিকে বিমান বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, আজ বেলা ২টায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমান হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওয়ানা দেয়।
এমবি





