রাজধানীর কল্যাণপুর থেকে আটক ৪ জঙ্গি এক আইনজীবী ও এক পীরকে হত্যার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওই আইনজীবী ও পীরের নাম উল্লেখ না করে মনিরুল ইসলাম বলেন, ‘ওই আইনজীবী সাংবিধানিক বিষয়ে কোর্টে একটি রিট করেছিলেন। তা গৃহীত হওয়ার ক্ষোভ থেকেই এবং ইসলাম ধর্মের বিষয়ে ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে একজন পীরকে জবাই করে হত্যার পরিকল্পনা করছিলেন তারা।’

এছাড়া গত ফেব্রুয়ারিতে অমর একুশে গ্রন্থমেলাতে নাশকতার পরিকল্পনাও তাদের ছিল বলে জানান তিনি।

পুলিশ জানায়, রাজধানীর দারুস সালাম থানার কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ৪ জঙ্গিকে আটক করা হয়।

আব্দুর রাজ্জাক উমায়ের, ফয়সাল আহম্মেদ, আহমেদ ফজলে আকবর এবং আবু নাঈম মোহাম্মদ জাকারিয়া নামে এই চারজন একটি ৪ জঙ্গির কাছ থেকে   বিপুল পরিমাণে ধর্মীয় উগ্র মতবাদের বই জব্দ করা হয়।

মনিরুল ইসলাম বলেন,আটকরা একটি উগ্রপন্থি দলের সদস্য। তারা জেএমবিসহ অন্যান্য জঙ্গি সংগঠনের সদস্য যারা দেশের বাইরে আছে তাদের অর্থায়নে বাংলাদেশে নানা নাশকতা করতেন। শেখ সোহান সাদ ওরফে বারা আব্দুল্লাহর নেতৃত্বে নাশকতার জন্য সদস্য ও অর্থ সংগ্রহ করছিলেন তারা।

‘চলিতি মার্চে কেন্দ্রীয় শহীদ মিনারে নাশকতার পরিকল্পনাও তাদের ছিল,’ যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।

আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

ওএফ