প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নির্ণয়ের টেস্ট কিট সরকারকে সরবরাহ করার ঘোষণা দিয়েও একদিন আগে তা স্থগিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্র। সময় চেয়েছেন আরও তিন থেকে চারদিন।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, “ইলেকট্রিক ও মেকানিক্যাল ডিজাস্টারের কারণে আমাদের পূর্ব ঘোষিত শনিবারের নমুনা টেস্ট কিট সরবরাহ কর্মসূচি স্থগিত করা হয়েছে। এ জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি। এখন হয়তো আরও তিন থেকে চারদিন লেগে যেতে পারে।”
এর আগে গত বৃহস্পতিবার ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ প্রকল্প কো-অর্ডিনেটর এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মুহিব উল্লাহ খোন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, ১৫ মিনিটে কোভিড-১৯ সংক্রমণ নিরুপনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত বহুল প্রত্যাশিত জিআর কোভিড -১৯ ডট ব্লট সরকারের চুড়ান্ত অনুমোদনের জন্য ১১ এপ্রিল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং বিশ্বস্বাস্থ্য সংস্থা ও মার্কিন পরীক্ষা ও মতামতের জন্য পর্যাপ্ত নমুনা প্রদান করা হবে।
শুক্রবার অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডা. মুহিব উল্লাহ খোন্দকার বলেন, “অনিবার্য কারণবশত এই কর্মসূচি স্থগিত করা হয়েছে।”
এমবি





