ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শিশু একাডেমির পাশে একটি নারকেল গাছ পড়ে মিতু ঘোষ (২২) নামের এক তরুণী মারা গেছেন। এই ঘটনায় তার হবু স্বামী ধনঞ্জয় ও একই পরিবারের ৪জনসহ আহত হয়েছেন অন্তত ৭ জন।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সিএনজি ও প্যাডেলচালিত রিকশার ওপর নারকেল গাছটি পড়ে।

পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ওই তরুণী মারা যান।

আর আহতরা হলেন- মিতুর স্বামী ধনঞ্জয় (৩০), খুরশিদ আলম (৬০), তার স্ত্রী সেলিনা আলম (৪০) এবং তাদের বড় মেয়ে শেহরিন আলম (২০) ও ছোট মেয়ে সাজরিন আলম (৮), আবু জর গিফারী কলেজের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র মহসিন খান (২১)। এছাড়া অজ্ঞাতনামা এক মহিলা (৪০)।

হবু স্বামী ধনঞ্জয় বলেন, মিতুকে নিয়ে বই মেলায় ঘুরতে এসেছিলাম। শিশু একাডেমির পাশে রিকশাযোগে বাড়ি (যাত্রাবাড়ী) ফেরার পথে একটি নারকেল গাছ আমাদের ওপরে এসে পড়ে। এতে মিতু প্রাণ হারায়।

ঢামেক সূত্রে জানা গেছে, এ ঘটনায় একই পরিবারের চারজন আহত হয়েছে। তারা পুরান ঢাকা থেকে সিএনজিযোগে মগবাজার যাচ্ছিলেন। সিএনজির ওপর গাছটি পড়ে গেলে তারা আহত হয়। আহতদের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্বপ্নার এখনও জ্ঞান ফেরেনি। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল থেকে অন্য হাসপাতালে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহত ওই তরুণীর লাশ মর্গে রাখা হয়েছে। আর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এমবি