সিলেটে রাজন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব ও জেলা শিশু সুরক্ষা নেটওয়ার্ক।
বুধবার সকাল ১১টার দিকে শহরের দয়াময়ী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, জেলা জাসদ (রব) সভাপতি আমির উদ্দীন, পৌরসভার প্যানেল মেয়র সিদ্ধার্থ শংকর রায়, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, শিশু সুরক্ষা নেটওয়ার্কের সভানেত্রী শামীমা খান, উন্নয়ন সংঘের পরিচালক জাহাঙ্গীর সেলিম, গণজাগরণ মঞ্চের সংগঠক সৈয়দ তানভীর আহমেদ, সাংবাদিক মোস্তফা বাবুল, সাযযাদ আনছারী, কাফি পারভেজ প্রমুখ।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, সংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, শিক্ষার্থী, শিশুসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন এবং শিশু রাজন হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
প্রসঙ্গত, ৮ জুলাই সামিউল আলম রাজনকে সিলেট নগরের কুমারগাঁও বাসস্ট্যান্ডের পাশে চুরির অপবাদ দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে ও খুঁচিয়ে হত্যা করেন মুহিত আলম, তার ভাই সৌদি প্রবাসী কামরুল ইসলাম, আলী হায়দার ওরফে আলী ও তাদের সহযোগী চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না।
হত্যার পর দুপুর পৌনে ১টার দিকে মাইক্রোবাসে করে মরদেহ গুম করার চেষ্টাকালে মুহিত আলমকে আটক করে পুলিশে দেন স্থানীয় জনতা।
এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হত্যাকাণ্ডের ভিডিও চিত্র প্রকাশিত হলে সারাদেশে তোলপাড় শুরু হয়। অবস্থা বেগতিক দেখে সৌদি আরবে পালিয়ে যান এ হত্যাকাণ্ডের মূল হোতা কামরুল ইসলাম। পরে সৌদি আরব থেকে তাকে আটক করা হয়।
এসএইচ





