প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন মন্ত্রিসভার কয়েকজন সদস্য। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় তারা এ দাবি তুলেন। যদিও প্রধানমন্ত্রী সরাসরি এর কোন জবাব না দিয়ে মন্ত্রীদের উদ্দেশে বলেছেন, সরকার বিব্রত হয় এ ধরনের কথা বলা থেকে আপনারা বিরত থাকবেন। এসময় বিবিসিকে দেয়া এইচটি ইমামের বক্তব্য প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনলে তিনি বলেন,  তার সঙ্গে এ নিয়ে আমার কোন কথা হয়নি।

বৈঠক সূত্র জানায়,  অনির্ধারিত আলোচনায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু,  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ,  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ আরও কয়েকজন মন্ত্রী এইচটি ইমামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তুলেন।

গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অনুষ্ঠানে এইচটি ইমাম ৫ই জানুয়ারির নির্বাচন ও বিসিএস পরীক্ষা নিয়ে কথা বলেন। তার বক্তব্যে নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে বলে দাবি করেছে বিএনপি। একই সঙ্গে বিসিএস পরীক্ষায় ছাত্রলীগকে বিশেষ সুবিধা দেয়ার প্রতিশ্রুতি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে নানা মহলে।

তার এ বক্তব্যে ক্ষুব্ধ আওয়ামী লীগের নেতারা। তারা মনে করছেন, এইচটি ইমামের বক্তব্য দল ও সরকারকে বিব্রত করেছে। এমন অবস্থায় আজ সকালে সংবাদ সম্মেলন করে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।

জেআই