পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বন্যাকবলিত এলাকার দুস্থ মানুষদের মাঝে সরকারের বিশেষ বরাদ্দের ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ আগস্ট) সকালে আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক আফরুজা বারী এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এদিন উপজেলার শান্তিরাম, কঞ্চিবাড়ি, চন্ডিপুর, বেলকাসহ বিভিন্ন এলাকার ১২০০ দুস্থ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
দুস্থদের মাঝে ত্রাণ বিতরণের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে জানিয়ে আফরুজা বারী বলেন, “বর্তমান সরকার জনগনের সরকার। সরকার দুস্থ মানুষদের পাশে আছে এবং সর্বদাই থাকবে। কোন মানুষ যাতে অভুক্ত না থাকে, সেজন্য সরকার এ উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে সব দুস্থদেরকে সরকারের এ বিশেষ সহযোগিতার আওতায় আনা হবে।”
সবার সহযোগিতার মধ্য দিয়ে সুন্দরগঞ্জ উন্নত এক জনপদে পরিণত হবে-এমন আশা ব্যক্ত করে আফরুজা বলেন, “এ উপজেলায় কারো কোন সমস্যা থাকবে না বলে আশা করি। মানুষের জীবনমান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা হবে।”
এ লক্ষ্য বাস্তবায়ণে উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদেরকে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে এলাকার জনগনের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামণা করেন। এদিকে শোকের মাস আগস্ট যথাযথভাবে উদযাপন করার জন্য স্থানীয় নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল আলম রেজা,অন্যতম সদস্য ফাহমিদা বুলবুল কাকলী, স্বেচ্ছাসেবক লীগের মেহেদী হাসান রাসেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এমবি





