ঠাকুরগাঁওয়ে তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ায় জেলাকে ঝুঁকি মুক্ত রাখতে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার (১১ এপ্রিল) রাতে জেলা প্রশাসক ডা. কেএম কামরুজ্জামান সেলিম এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন।
এর আগে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও হরিপুর উপজেলায় নারায়ণগঞ্জ থেকে আসা তিনজন করোনা রোগী শনাক্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক ঠাকুরগাঁও জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হল। এই জেলায় সকল ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে।
তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে।
এমবি





