মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মাটিকাটা শ্রমিক স্বামী পরিত্যক্তা মাবিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলার তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক টিএম মুসা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, দায়িরাপুর গ্রামের সামসুল আলম, জাব্বার হোসেন ও সুরুজ আলী।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৩ জুলাই রাতে মুজিবনগর উপজেলার দায়িরাপুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী মাঠে মাবিয়া খাতুনকে ধর্ষণ শেষে হত্যা করা হয়। পরদিন তার বড় ভাই বাছেদ আলী বাদী হয়ে দণ্ডপ্রাপ্ত তিনজনকে আসামি করে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা করেন।

বিজ্ঞ বিচারক ১১ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ৫৮ কার্যদিবসে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আদালতের নির্দেশে আসামিদের মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই