আশুলিয়ার কুঁড়গাও এলাকার একটি লাইব্রেরি থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় লাইব্রেরিমালিক মো. ওয়াসিমকে (৩৪) আটক করেছে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) মো. জাকারিয়া হোসেন জানান, লাইব্রেরি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চলছে— এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কুড়গাঁও এলাকার বিসমিল্লাহ লাইব্রেরিতে অভিযান চালানো হয়। লাইব্রেরির একটি তাকে রাখা কার্টনের মধ্যে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় লাইব্রেরিমালিক ওয়াসিমকে আটক করা হলেও তার সহযোগী মিলন পালিয়ে যায়। ওই ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের রাজাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশের ব্যবহৃত একটি নোয়া গাড়ি থেকে শতাধিক বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব-৪ এর সদস্যরা। এ সময় গাড়িচালক রবিউলকে (৩৮) আটক করা হয়। তার বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে রাতেই সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
জেআই





