ভবিষ্যতে পাসের হার শতভাগ হবে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা পাস করেছে তাদের অভিনন্দন। যারা পাস করতে পারেনি তাদেরকে এখন থেকে পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিতে হবে।
বুধবার সকালে গণভবনে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শেষে উপস্থিত সবার সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পৃথিবীটা থাকবে আমাদের ছেলে-মেয়েদের হাতের মুঠোয়। সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আগামী প্রজন্ম দেশকে এগিয়ে নেবে। সেভাবেই তাদের গড়ে তোলা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে ছেলে-মেয়েরা স্কুলে আর বই নিয়ে যাবে না। তারা একটা নোটবুক নিয়ে যাবে। সেখানে সব থাকবে। তারা প্রযুক্তির ব্যবহার করে এগিয়ে যাবে।
সরকারি বা বেসরকারি যেভাবেই হোক প্রত্যেক জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীতে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছি। রাজশাহীসহ পর্যায়ক্রমে প্রত্যেক বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে।
শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাশের লোকে কী বলে এ নিয়ে চিন্তা বাদ দিতে হবে। আমাদের সুনিশ্চিত লক্ষ্য আছে, সে লক্ষ্যে কাজ করতে হবে।
দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার মাধ্যমে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
শিক্ষা সচিব মো. সাদিকসহ সব বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





