স্কুল ফাঁকি দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা দেখে ফেরার পথে চলন্ত বাস থেকে রাস্তায় ছিটকে পড়ে চার শিশু আহত হয়েছে। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা বিকেল সাড়ে ৩টার দিকে যশোর-ছুটিপুর সড়কের হালসা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা শিশুরা হলো- মাহফুজ, তৌহিদুল, ইয়াসিন ও সাদনান। এরা সবাই সদর উপজেলার জুলা আমদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র। এদের মধ্যে মাহফুজ, তৌহিদুল ও ইয়াসিনের বাড়ি আমদাবাদ গ্রামে। তারা ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র এবং সাদনান এড়েন্দা গ্রামের কদম আলীর ছেলে। সে ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

জুলা আমদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা বেগম জানান, সদর উপজেলার হালসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেয়াড়া ইউনিয়ন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় তাদের বিদ্যালয় থেকে ১৩ জন অংশ নেয়। আহত চার শিক্ষার্থী তাদের না জানিয়ে টিফিনের সময় খেলা দেখতে যায়। ফেরার সময় তারা বাসের পেছনে বাম্পারে ঝুলে আসছিল। এ সময় হালসা বাজারে চালক বাসে গতিরোধ করলে তারা ছিটকে পড়ে আহত হয়।

আহত চতুর্থ শ্রেণীর ছাত্র মাহফুজ জানায়, তারা স্কুলে এসে পরে খেলা দেখতে গিয়েছিল। তারা চুপিচুপি বাসের পেছনে বাম্পারে ঝুলছিল। হালসা বাজারে বাস গতিরোধ করলে তারা রাস্তায় ছিটকে পড়ে।

জেআই