রাজধানীর কদমতলীর জুরাইনে ইব্রাহিম নামের এক ডেকোরেটর ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার রাত দেড়টার দিকে জুরাইনের বাগানবাড়ি এলাকায় টিনশেড বাসার জানালা দিয়ে ওই ব্যবসায়ীকে গুলি করা হয়।

পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইব্রাহিম মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হোগলাগাঁও গ্রামের আব্দুল খালেকের ছেলে।

ঢামেক পরিদর্শক ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, মৃতের লাশ বর্তমানে ঢামেক মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঘটনাটি অবহিত করা হয়েছে।

মৃতের ভাই হারুন অর রশিদ বলেন, ‘তাদের জুরাইন এলাকায় ডেকোরেটরের ব্যবসা আছে। তারা জুরাইনের বাগানবাড়ি এলাকার ১০৯৮ নম্বর বাসায় থাকেন।

রাত দেড়টার দিকে টিনশেড বাড়িতে জানালার পাশে একটি বিছানায় শুয়ে ছিলেন তার ছোট ভাই ইব্রাহিম।

এ সময় ৭-৮ জন যুবক বাইরে থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। তবে কী কারণে ও কে বা কারা তাকে গুলি করেছে তা তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।’

এমকে