ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আওয়ামী লীগের দুইগ্রুপ একই স্থানে একই সময় জনসভা আহ্বান করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।

ভাঙ্গা থানার অফিসার ইন চার্জ (ওসি) নাজমুল ইসলাম জানান, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন শনিবার বিকালে ঘারুয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা আহ্বান করে পুলিশের অনুমতি চান এক সপ্তাহ আগে।

এদিকে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর সমর্থক ঘারুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোরাদ হোসেন একই জায়গায় একই সময় জনসভার ডাক দিয়ে পুলিশের অনুমতি চান।

এ অবস্থায় আওয়ামী লীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ কারণে ঘারুয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শুক্রবার থেকেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ অবস্থান করবে।

কেএইচ