চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার বাঘঘোনা এলাকায় পাহাড়ের একাংশ ধসে পড়েছে একটি বহুতল ভবনের উপর। এতে কেউ হতাহত না হলেও ভবনটিতে ফাটল দেখা দিয়েছে।

রোববার বিকাল আনুমানিক ৪টায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

সূত্রে জানায়,বাঘঘোনা পাহাড়ের উপর ইসমাইল হোসেনের একটি বহুতল ভবনের পিছনের মাটি দেবে গিয়ে নিচে অবস্থিত কানুগো ভবনের উপর পড়ে। এতে ভবনটির প্রথম ও দ্বিতীয় তলা মাটিতে ঢেকে যায়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-সহকারি পরিচালক জসিম উদ্দিন জানান, ভবনটিতে ফাটল সৃষ্টি হয়েছে। লাগাতার বৃষ্টির কারণে এ পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে।

তিনি জানান, ভবনটির দরজা জানলা বন্ধ থাকার কারণে কোন ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় খবর পেয়ে আগ্রাবাদের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার ও মাটি সরানো কাজ চালাচ্ছে।

পাহাড়ের উপর অবস্থিত ইসমাইলের ভবনটি ঝুঁকিপূণ বলে জানান তিনি।

ঢাকা,২২ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর