গাইবান্ধার সুন্দরগঞ্জে এক ‍পুলিশ কনস্টেবলের স্ত্রী ও শিশু মেয়ের লাশ উদ্ধার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার সকাল ৮টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলো কনস্টেবলের স্ত্রী কৃষ্ণা রানী (২৮) ও তার মেয়ে অর্পিতা (২১ মাস)।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্‌রাফিল আলম জানান, সুন্দরগঞ্জ থানায় কর্মরত কনস্টেবল পরিমল সুন্দরগঞ্জ পৌর এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী সন্তানকে নিয়ে থাকতেন। প্রতিদিনের মত গত রাতেও স্ত্রী সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। আজ সকালে ঘুম থেকে উঠে স্ত্রী কৃষ্ণাকে ঘরের আঁড়ায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। আর বিছানায় শিশু মেয়ের মৃতদেহ দেখেন। কখন কিভাবে এই ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ নিহতের লাশ দুটি উদ্ধার করেছে।

তিনি আরো জানান, পরিমলের খবরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে। লাশ দুটি থানায় নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এসময় পরিমলও থানায় আসে।

এমএইচ