গাইবান্ধার সুন্দরগঞ্জে আছিরন বেগম (৫০) ও শিবা রাণী (২২) নামে দুই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের চাচীয়া মীরগঞ্জ ও কাপাশিয়া ইউনিয়নের সিংগিজানী গ্রাম থেকে মৃতদেহ দু’টি উদ্ধার করা হয়।
আছিরন বেগম চাচীয়া মীরগঞ্জ গ্রামের আবুল হোসেনের স্ত্রী। শিবা রাণী সিংগিজানী গ্রামের পশুরাম চন্দ্রের স্ত্রী।
সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জায়েদ আরিফ পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, আছিরন বেগম দীর্ঘদিন ধরে পেট ব্যথায় ভুগছিলেন। ব্যথা সইতে না পেরে মঙ্গলবার ভোরে সবার আজান্তে নিজ ঘরের আ‍ড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, পারিবারিক দ্বন্দ্ব-কলহের জের ধরে মঙ্গলবার ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শিবা রাণী।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে মৃতদেহ দু’টি উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য গাইবান্ধার আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেইউ