বগুড়ার শেরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মালবাহী একটি ট্রাক থেকে ৩০ কেজি গাঁজা আটক করেছে পুলিশ।

এ সময় এ ঘটনায় জড়িত অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার দিনগত মধ্যরাতে পুলিশের একটি বিশেষ দল মাদকদ্রব্য উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতার অভিযানে নামে।

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকা-বগুড়া মহাসড়কের কলেজ রোড এলাকায় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৮২১৬) আটক করে।

এ সময় এই ট্রাকে তল্লাশি চালিয়ে পুলিশ তিনটি চটের ব্যাগের ভেতর থেকে ১০ কেজি করে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করে।

পরে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

আটক ব্যক্তিরা হলেন-কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পূর্বকুরুষা (ফেরোশা) গ্রামের মৃত কবি চন্দ্র বর্মনের ছেলে ফনি চন্দ্র বর্মন (৩৫) ও জয়পুরহাট জেলার সদর উপজেলার খঞ্জনপুর (হাইস্কুল মোড়) এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (২৪)।

শেরপুর থানা পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফারুকুল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ১৯) দায়ের করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

এসএইচ