বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে 'অবরুদ্ধ' করে রাখা এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানকে আটক করার প্রতিবাদে নোয়াখালীতে হরতাল কর্মসূচি পালন করছে জেলা ছাত্রদল।
বুধবার সকালে ছাত্রদল নেতা-কর্মীরা শহরের জজকোর্ট সড়কে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয়।
অপরদিকে মঙ্গলবার রাতে জেলার কোম্পানীগঞ্জে সিমেন্টবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
অন্যদিকে, নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের মোট ২০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াস শরিফ এই আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা এড়াতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
ইআর





