লালমনিরহাটের আদিতমারী সীমান্ত হতে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) টহল দলের হাতে বিপু কমুার বর্মন (২৫) নামে এক বাংলাদেশি যুবক আটক হয়েছে।

এলাকাবাসী ও বিজিবি সূত্র জানায়, বিএসএফ হাতে আটক বিপু কুমার বর্মন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার সবেন বর্মনের ছেলে।

তিনি শুক্রবার ভোরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৫ নম্বর মেইন সীমানা পিলারের ৮ নম্বর সাবপিলার দিয়ে ভারতে গরু আনতে যায়।

ভারতীয় তিনটি গরু নিয়ে ফেরার পথে ভারতীয়-২১বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গীমারী ক্যাম্পের একটি টহল দল তাকে ধাওয়া করে আটক করে নিয়ে যায়।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিএসএফকে কড়াপ্রতিবাদপত্র পাঠানো হলে বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ বিপু কুমার বর্মনকে তিনটি গরুসহ ভারতের ৫০০ মিটার ভেতরে আটক করেছে বলে দাবি করেন।

তবে ওই গরুপারাপারকারী বিএসএফের টহল দলকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে এক বিএসএফ জোয়ান আহত হয় বলে বৈঠকে ওই আহত জোয়ানকে উপস্থাপন করেছেন। তাকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এসএইচ