গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে আহত কলেজছাত্র মারা গেছেন। কলেজছাত্রের নাম তাপস মোল্যা (১৯) বলে জানা যায়।
সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তাপস স্থানীয় রামদিয়া এসকে কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র। তিনি উপজেলার মাজড়া গ্রামের আবুল কাসেম মোল্যার ছেলে।
শনিবার গরুর হাটের কর্তৃত্ব নিয়ে মাজড়া ও পাশের বাটইধোপা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তাপস। এ অবস্থায় প্রথমে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।
এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উত্তেজিত জনতা দু’টি দোকান ঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এসএইচ





