দেশব্যাপী সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (১১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাস মোকাবেলা এবং এর বিস্তার রোধে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ কারণে দেশের অফিস-আদালত, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, বিভিন্ন ধরনের বিপণীবিতানসহ সব গার্মেন্টস কারখানা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, অনেকেই ছুটিকালীন ঢাকা মহানগরীসহ বিভিন্ন মেট্রোপলিটন শহর, বিভাগীয়, জেলা, উপজেলা পর্যায়ে ও গ্রামাঞ্চলে ব্যবসা প্রতিষ্ঠান, বিপণীবিতানসহ শপিংমল, ব্যাংক, এটিএম বুথ, স্বর্ণের দোকান, ওষুধের দোকান, আবাসিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন।

এ অবস্থায় দেশের সার্বিক আইন-শৃংখলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি বৃদ্ধিসহ আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয় ওই চিঠিতে।

এমবি