সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ার লক্ষে রেলকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন।
তিনি বলেন, যে কোন দেশের উন্নয়নের মূল চাবিকাঠি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। সমন্বিত যোগাযোগ ব্যবস্থা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই রেলকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।
শনিবার (১৩ মার্চ) রাজশাহীতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের স্টেশন এবং অপারেশন কর্মকান্ডের সাথে জড়িত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আদর্শ রেলওয়ে স্টেশন ও যাত্রীসেবার মানোন্নয়নে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার। খবর বাসস’র।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, অন্যান্য দেশের রেলওয়ে ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রেল ব্যবস্থার সার্বিক উন্নয়নে চেষ্টা করে যাচ্ছি। অন্য দেশে রেল মানুষের জীবনযাত্রায় অনেক প্রভাব বিস্তার করছে। আমাদের দেশেও রেল কেন্দ্রিক অনেকের জীবন ব্যবস্থা চালু আছে।
তিনি বলেন, যে অঞ্চলের পাশ দিয়ে রেললাইন গিয়েছে সেখানে রেলকে কেন্দ্র করেই সবকিছু পরিচালিত হচ্ছে।
রেলমন্ত্রী আরও বলেন, বিদ্যমান রেলওয়ে ট্র্যাকের সক্ষমতা বৃদ্ধি করে গতি বাড়াতে উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, যাত্রীসেবার মান বৃদ্ধির জন্য যা প্রয়োজন সবকিছুই আমরা করব। ইতোমধ্যেই স্টেশনের প্ল্যাটফমর্ উঁচু করা হচ্ছে। এ বছরের মধ্যে পঞ্চাশটি স্টেশনকে সংস্কার ও আধুনিকায়ন করা হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে অধিক গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় করে দিয়েছেন। প্রতিটি জেলায় রেল সংযোগ দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সমুদ্র বন্দরের সাথে রেল সংযোগ প্রকল্প নেয়া হয়েছে। প্রতিবেশী ভারতের সাথে কয়েকটি আন্ত:সংযোগ খুলে দেয়া হয়েছে।
তিনি কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন লাইন নির্মাণ প্রকল্প, যমুনা বহুমুখী সেতু নির্মাণ, জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন নির্মাণ প্রকল্পসহ বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলমান আছে।
রেলওয়ের ইঞ্জিন বিষয়ে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৪০টি লোকোমোটিভ আসছে, দক্ষিণ কোরিয়া থেকে ইতোমধ্যে ১০টি বাংলাদেশে পৌঁছেছে। এভাবেই রেলকে ঢেলে সাজানোর জন্য বহুমুখী কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
মন্ত্রী আজকের এ কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে যাত্রীসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
বাংলাদেশ রেলওয়ে এবং ওয়াটার এইড যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে। এ কর্মশালায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম রেজা, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত আলী, রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, ওয়াটার এইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বক্তব্য রাখেন।
এমবি





