দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে হাইমচরে ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘হাইমচরবাসীর দীর্ঘদিনের দাবি ফায়ার সার্ভিস স্টেশন নির্মিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। এ স্টেশনটি হাইমচরের মানুষের জান-মাল রক্ষায় সহায়ক হবে। ফায়ার সার্ভিস কর্মীরা যেভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জান-মাল রক্ষা করে তা আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।’
উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলম সিদ্দীকির সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুলাল চন্দ্র সুত্রধরের পরিচালনায় বক্তব্য দেন- গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ কবীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মো. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোতালেব জমাদার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নূর হোসেন পাটওয়ারী প্রমুখ।
হাইমচরকে পৌরসভা করা হবে বলে ডা. দীপু মনি আরও বলেন, ‘খুব সহসাই হাইমচরকে পৌরসভায় উন্নীত করা হবে। যাতে স্থানীয়রা আরো বেশি সুযোগ-সুবিধা পায়।’
উল্লেখ্য, হাইমচরে ফায়ার সার্ভিস স্টেশন প্রায় সাড়ে ৩ বছর আগে নির্মিত হলেও এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো শনিবার।
জেআই





