মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করায় জেলার চিরিরবন্দরে গাড়ি ভাঙচুর করেছেন জামায়াত-শিবিরকর্মীরা।
চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের রাণীরবন্দরে সোমবার দুপুর সাড়ে ১২টায় যানবাহন ভাঙচুর করেন তারা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আদালতের রায় জানার পর পরই চিরিরবন্দরের রাণীরবন্দর বাজারে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াত-শিবিরকর্মীরা। এ সময় তারা একটি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় দিনাজপুর-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর সোয়া ১টায় পুলিশ ও বিজিবির সহায়তায় যানবাহন চলাচল শুরু করলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা একটি বিআরটিসি ও সোনারতরী নামে একটি মিনিবাসে ভাঙচুর চালান।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এএইচ





