গাইবান্ধার সুন্দরগঞ্জে এনজিও’র নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার দক্ষিণ শাহাবাজ গ্রামের আব্দুল ছাত্তার মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম ২০০৪ সালে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে মতিন বাজারে শ্যামল ছায়া নামের সাইন বোর্ড লাগিয়ে এনজিও অফিস খুলে বসেন (যার রেজি. নং- গাই/সুন্দর/১০৪৭/০৭)।
এনজিওটি চটকদার অফার দিয়ে এলাকার সহজ-সরল মানুষের নিকট থেকে ৩ ও ৫ বছর মেয়াদী ২০ থেকে ৫০ টাকা হারে সঞ্চয় আদায় করে তা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
এলাকার শত শত মানুষ শ্যামল ছায়া এনজিওটির সদস্য হয়ে সঞ্চয় জমা করতে থাকেন। ইতোমধ্যেই ওই সকল গ্রাহকদের অনেকেরই সঞ্চিত অর্থ দ্বিগুন পাওয়ার সময় হলে এনজিওর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম কোন প্রকার টাকা ফেরত না দিয়ে টালবাহানা করতে থাকেন।
এনিয়ে এলাকাবাসি অভিযোগ তুললে কর্তৃপক্ষ রাতারাতি শ্যামল ছায়া এনজিও’র সাইনবোর্ডের নাম পরিবর্তন করে শ্যামল ছায়া শিশু নিকেতন এর সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।
এ ব্যাপারে শ্যামল ছায়া এনজিওর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার মাঠ পর্যায়ের কর্মী প্রতিমা রাণী ৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাঁয় হয়েছেন।
উপজেলা সমাজ সেবা অফিসার গোলাম আজমের সাথে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমবি





