চার ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে আজ রোববার ভোররাত পৌনে চারটা থেকে সকাল আটটা পর্যন্ত চার ঘণ্টারও বেশি সময় নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে ছয়টি ফেরি আটকা পড়ে ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাতে নদীপথে কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা বাড়তে থাকলে ভোররাত পৌনে চারটার দিকে ওই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে দৌলতদিয়া ও পাটুরিয়া দুই ঘাট থেকেই ছেড়ে যাওয়া শাহজালাল, কাবেরী, বনলতা, হাসনাহেনা, শাপলা-শালুক ও চন্দ্রমল্লিকা নামের ছয়টি ছোট-বড় ফেরি মাঝনদীতে গিয়ে আটকা পড়ে। ফেরিগুলোতে অন্তত ২৫টি যাত্রীবাহী বাস, ৩০টি পণ্যবাহী ট্রাক ও ১২টি ছোট (ব্যক্তিগত) গাড়ি ছিল।

সকাল আটটার দিকে কুয়াশা কিছুটা কেটে গেলে দুই ঘাট থেকে ফেরি ছাড়তে শুরু করে। তবে এ সময় পারাপারের অপেক্ষায় গাড়িগুলোকে অনেকক্ষণ ধরে অপেক্ষায় থাকতে হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, কুয়াশার কারণে চার ঘণ্টার মতো ফেরি চলাচল বন্ধ থাকায় দুই ঘাটে প্রায় ৫০০ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে। তবে অনেক ফেরি থাকায় গাড়িগুলোকে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হবে না বলে তিনি জানান।

এএইচ