রাজধানীর পল্লবীতে একটি স্কুলের ছাদ থেকে পড়ে বিপুল হালদার (৫৩) নামে এক শিক্ষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। একই সময়ে ছাদ থেকে পড়ে আহত হয় রাকিব নামের ওই স্কুলের এক ছাত্র।
সোমবার (০৬ জুন) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বিপুল হালদার পল্লবীর আলোকদিতে অবস্থিত মোখলেস ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক।
স্কুলের শিক্ষক শরীফ হোসেন জানান, বিকেলে স্কুলের ছাত্র রাকিব (৯) বৃষ্টির পানি ছাদ থেকে পাইপ দিয়ে কীভাবে নিচে পড়ে তা দেখতে যায়। এরপরও বিপুল স্যারও সেখানে যান। পরে তারা কীভাবে ছাদ থেকে পড়েছেন তা আমার জানা নাই।
তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করি। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যায় বিপুল হালদারকে মৃত ঘোষণা করেন। রাকিব সেখানে চিকিৎসাধীন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, বিপুল হালদারের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ওএফ





