চাঁদপুরে পেট্রোলবোমা হামলার ঘটনায় ৬২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৩২ জনের নাম উল্লেখ করে এবং বাকিদের অজ্ঞাত হিসেবে আসামী করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুল হক বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাদী হয়ে মামলাটি করেন।

এদিকে, পুলিশ প্রায় ১২ ঘণ্টা পর নিহত জাহাঙ্গীরের পরিচয় নিশ্চিত করেছে। জাহাঙ্গীর সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের সুরত আলীর ছেলে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতেই অভিযান চালিয়ে জড়িত দু’জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অন্যদের আটকের চেষ্টা চলছে।

লাশ হস্তান্তরের জন্যে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে বলেও জানান ওসি আবদুল কাইয়ুম।

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকায় বুধবার রাত ১২টায় পণ্যবাহী একটি চলন্ত ট্রাকে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান চালক জাহাঙ্গীর হোসেন। গুরুতর আহত হন তিনজন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেআই