পুকুরের দখল নিয়ে বিরোধের জের ধরে রাজশাহীর বাগমারায় দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ জনের হাতের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এছাড়া সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েন।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের কনোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আট জনকে কুপিয়ে জখম করা হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের কনোপাড়া গ্রামের একটি পুকুরের দখল নিয়ে আবদুর রশিদ ও ডাবলুর মধ্যে বিরোধ চলে আসছিল। উভয়পক্ষ পুকুরটি মালিকের কাছ থেকে ইজারা নেয়ার দাবি করে।

শনিবার বেলা ১১টার দিকে আবদুর রশিদ তার ভাতিজাদের নিয়ে পুকুরের পাশে এক চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় প্রতিপক্ষ ডাবলু ও তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ সময় আবদুর রশিতের সমর্থক জিন্নাত, সামাদ, মোতালেব, আদু, করিম ও আজাদের হাতের রগ কেটে দেয় ডাবলুর সমর্থকরা। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে আট জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত মতলেবুর রহমান অভিযোগ করেন, প্রতিপক্ষের হামলায় জিন্নাত, সামাদ, মোতালেব, আদু, করিম ও আজাদের হাতের রগ কেটে গেছে। তাদের রামেক হাসপাতালের অর্থপেডিক বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের ওপর হামলাকারীদের মধ্যে শাহিনুর, ডাবলু ও চান মোহাম্মদ পুলিশের তালিকাভূক্ত আসামি।

তবে ডাবলু জানান, তাদের লোকজনের ওপরই রশিদের লোকজন হামলা করেছে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খাঁন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করেছে। তবে এ ঘটনায় বিকেল পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি।

জেআই