পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’ দুর্বল হয়ে পড়েছে। দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ায় ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত নিয়েছে। এটি আরও পশ্চিম, দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহওয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

কায়ান্টের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে উল্লেখ করা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’ পশ্চিম, দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় (২৭ অক্টোবর) একই এলাকায় (১৫.৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম, দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আবহওয়া পূর্বাভাস : রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।


তাপমাত্রা : সারাদেশে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

ঢাকায় বাতাসের গতি দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০-১৫ কি.মি.। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।


এমএনজে