বরগুনা জেনারেল হাসপাতালের সমাজসেবা কার্যক্রমের কক্ষে আটকে রেখে এক তরুণীকে (২৪) ধর্ষণ করা হয়েছে।

এই অভিযোগে বৃহস্পতিবার সকালে মামলা করেছেন ভুক্তভোগী ওই তরুণী।

জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে প্রেম এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ইসমাইল (২৫) নামে এক যুবক ওই তরুণীকে গত মঙ্গলবার বরগুনা জেনারেল হাসপাতালের একটি কক্ষে নিয়ে যান।

পূর্বপরিকল্পনা অনুযায়ী হাসপাতালের সমাজসেবা কার্যক্রমের এমএলএসএস আজাদুর রহমান (৪২) ইসমাইলসহ ওই তরুণীকে কক্ষে রেখে বাইরে চলে যান। এ সুযোগে ইসমাইল তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে এমএলএসএস আজাদুর রহমান ফিরে এলে তাকে এ ঘটনা জানালে ভুক্তভোগী ওই তরুণীকে তিনি ধমক দিয়ে কক্ষ থেকে বের করে দেন। বৃহস্পতিবার এ ঘটনার বিচার চেয়ে ওই তরুণী বরগুনা থানায় মামলা করেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হক জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ঘটনায় সম্পৃক্ত দুই নম্বর আসামি আজাদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি ইসমাইলকে গ্রেফতারে চেষ্টা চলছে।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ