আওয়ামী লীগের জনসভাকে কেন্দ্র করে হঠাৎ গণপরিবহণ শূন্য হয়ে পড়েছে রাজধানী। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মব্যস্ত নগরীর সাধারণ মানুষ। গন্তব্যে যেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাসের দেখা না পেয়ে অনেকেই পায়ে হেঁটে বা বাড়তি টাকা দিয়ে সিএনজিতে করে রওনা হতে দেখা গেছে।
সোমবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করেছে আওয়ামী লীগ। তাই সকাল থেকে বাস রিজার্ভ করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের জনসভায় যোগ দিতে যেতে দেখা যায়। এসময় রাস্তা গণপরিবহন শূন্য হয়ে পরে। বিভিন্ন গন্ত্যব্যে যেতে সাধারণ মানুষকে সীমাহীন ভোগান্তি পোহাতেও দেখা যায়।
ফার্মগেটের ট্রাফিক সিগনালে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা ইব্রাহিমের সাথে। তিনি বিজয় সরণি থেকে মতিঝিল যাওয়ার জন্য প্রায় ঘণ্টাখানেকের বেশী সময় অপেক্ষা করেও কোনো বাসের দেখা পাননি। পরে ৪শ টাকা চুক্তিতে একটি সিএনজি ঠিক করে রওনা হয়েছেন গন্তব্যে। ক্ষোভ প্রকাশ করে ইব্রাহিম বলেন, ‘জনসভার দিনগুলোতে সরকারি ছুটি ঘোষণা করলেই হয়।’
মহাখালী মোড়েও ব্যাপক জনসমাগম দেখা যায়। কথা বলে জানা যায়, অফিস শেষ করে বাসায় ফেরার জন্য লেগুনার অপেক্ষা করছেন বেশিরভাগ মানুষ। বাসের পরিবর্তে যেই লেগুনাই থাকে শেষ ভরসা, সেই লেগুনারও দেখা মিলছে না আজ। যা-ও দু’একটি লেগুনা কালে-ভদ্রে দেখা মিলছে, সেগুলো জনসভার রিজার্ভ যাত্রী নিয়ে যাচ্ছে।
এদিকে সমাবেশে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে রোববার মহানগর আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সাথে দফায় দফায় বৈঠক করে দলটি। এছাড়া রাজধানীর আশপাশের জেলাগুলোর দলীয় নেতা ও সংসদ সদস্য, পেশাজীবী সমন্বয় পরিষদ, মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক ও নারী সংগঠনের নেতাদের সাথেও দলটির বৈঠক হয়। এর পরপরই রাতেই সব গণপরিবহণ নেতাদের ডেকে গাড়ি রির্জাভের নির্দেশ দেয়া হয় বলেও দাবি করেন বেশ কয়েক জন বাস ও লেগুনা চালক।
এর আগে জনসভার প্রস্তুতি সভায় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘৭ মার্চের জনসভায় আমরা ব্যাপক জনসমাগমের মাধ্যমে রেকর্ড করতে চাই।’
দলীয় সূত্রে জানা গেছে, বিগত কয়েকটি সমাবেশের তুলনায় ১১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে লোকসমাগম বেশি হয়। এরই ধারাবাহিকতায় ৭ মার্চের জনসভায় এর চেয়েও বেশি জনসমাগম নিশ্চিত করতে চায় দলটি।
এআইজে





