নোয়াখালীতর সদর উপজেলার পশ্চিম মাইজদী গ্রামে মাইজদী-সুজাপুর সড়কের তাহের মাস্টারের পোলের গোড়া এলাকায় রেদোয়ান হোসেন লেদু (২৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। লেদু উপজেলার পশ্চিম মাইজদী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। তিনি যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিল বলে জানা গেছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম মাইজদী তাদের বাড়ির পাশের একটি দোকানে বসে চা পান করছিল লেদু। এ সময় এলাকার কয়েকজন যুবক তাকে ডেকে নিয়ে যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা মাইজদী-সুজাপুর সড়কের তাহের মাস্টারের পোলের গোড়া এলাকার একটি বাড়ির আঙিনায় তার ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন সোমবার সকালে জানান, গত কয়েকদিন আগে লেদুর সঙ্গে স্থানীয় রুবেলের মোবাইল নিয়ে এবং আরো কয়েকজনের সঙ্গে জুয়া খেলা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে ওই বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি কিরিচ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালী আবদুল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ইআর





