রাজধানীর মতিঝিলে রাস্তায় ছুরিকাঘাতে হৃদয় (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতের দিকে মতিঝিল থানাধীন দক্ষিণ কমলাপুর মাজার রোড এলাকায় এই ঘটনাটি ঘটে।
রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১ টার দিকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মিজানুর রহমান জানান, আমরা খবর পেয়ে রাতে দক্ষিণ কমলাপুর মাজার রোড এলাকায় রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন । তিনি আরও জানান, নিহতের নাম হৃদয়। তার শরীরে দুটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাকে রাস্তায় ছুরিকাঘাত করা হয়েছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি রহস্য উদঘাটনের জন্য। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। তার পরনে ছিল সাদা লুঙ্গি ও খালি গা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
এমবি





