টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নদীর বাঁধের মাছুলিয়া পয়েন্টে পানি বিপদসীমার ২৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে। এ নদীটি জেলার চুনারুঘাট, বাহুবল, সদর, বানিয়াচং ও লাখাই উপজেলার উপর দিয়ে বয়ে গেছে। পাঁচ উপজেলার বাসিন্দাদের জীবনযাত্রা এ নদীর সঙ্গে জড়িয়ে রয়েছে।

গতকাল রোববার দুপুর থেকে জেলায় প্রবল বর্ষণ শুরু হয়। বর্ষণের ফলে মধ্যরাতের পর থেকে খোয়াই নদীর পানি হঠাৎ করেই বৃদ্ধি পায়।

সরেজমিনে দেখা যায়, নদীর বাঁধে ভাঙনের আশংকায় রাতভর মানুষ তীর পাহারা দেন। রাত ৯টার পর থেকেই বাঁধের কয়েকটি দুর্বল স্থানে ছিদ্র হয়ে পানি শহরে প্রবেশ করতে শুরু করে।

এ খবর ছড়িয়ে পড়লে শহরবাসীর মাঝে মারাত্মক আতংক দেখা দেয়। ওই স্থানগুলোতে সাধারণ মানুষ নিজেদের উদ্যোগে বালুর বস্তা ফেলে এসব ছিদ্র বন্ধ করার চেষ্টা চালান। শহরের মসজিদগুলোতে মাইকিং করে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এ ঘটনায় আতঙ্কিত হাজার হাজার মানুষ রাতভর নদীর তীরে অবস্থান নেন। বাঁধের অনেক দুর্বল স্থানে নিজেদের উদ্যোগেই বালুর বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করছে তারা।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম জানান, মাইকিং করা হয়েছে অতিসতর্কতা হিসেবে। শহরের ৩-৪টি স্থানে বাঁধ ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। সকাল ৮টায় শহরের মাছুলিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ২৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে নদীর উজানে বাংলাদেশ অংশের বাল্লা সীমান্ত এলাকায় পানি কমছে।

এমবি