করোনায় এখন পর্যন্ত মোট ২৭ জন পুলিশ সদস্য প্রাণ দিলেও একই দিনে দুই পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে এবারই প্রথম।

আজ সোমবার চিকিৎসাধীন অবস্থায় দুই পুলিশ সদস্য মারা গেছেন বলে বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সোহেল রানা সংবাদ জিজ্ঞপ্তির মাধ্যমে জানিছেন।

এই দুই পুলিশ সদস্য হলেন- উপপরিদর্শক (এসআই) এস এম মুকুল মিয়া (৫৫) ও কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ (৫১)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআই মুকুল মিয়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানায় কর্মরত ছিলেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে পুলিশের ভাড়া করা রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে মারা যান। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার চরকুলী গ্রামে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ করোনাক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান। তিনি ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের আজমপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার জয়পাশা গ্রামে। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

পুলিশের উদ্যোগে এই দুই পুলিশ সদস্যের মরদেহ তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ নিয়ে বাংলাদেশ পুলিশে কর্মরত একজন সি‌ভিল সদস্য ও একজন র‌্যাব সদস্যসহ মোট ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ দিলেন।

এএস