রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (২৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বনানীর সামরিক কবরস্থানে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

করোনার কারণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত হতে পারেননি। তাদের পক্ষে সামরিক সচিবদ্বয় শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম বনানীর সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন।

অপরদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী একই যায়গায় পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিন বাহিনীর প্রধান এবং শহীদ সেনা কর্মকর্তাদের স্বজন ও সহকর্মীরা শ্রদ্ধা জানান।

এসময় পিলখানা হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি জানান স্বজনরা। বয়স্ক স্বজনরা বিচার দেখে যেতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এই হত্যাকাণ্ডের নেপথ্য নায়কদের বের করে বিচারের আওতায় আনার দাবিও জানান তারা।

রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি) সদরদপ্তরে সংগঠিত নৃশংস হত্যাকাণ্ডের আজ (২৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার এক যুগ পূর্ণ হচ্ছে (১২ বছর)। ২০০৯ সালের এই দিনে হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়।

দিনটি উপলক্ষে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে।

এমবি