লক্ষ্মীপুরে সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশের দাবি- আটক হওয়া মো. জুয়েল (৩০) এলাকার চিহ্নিত সন্ত্রাসী।সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জুয়েলকে পুলিশ পাহারায় জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জুয়েল ওই এলাকার আবদুল আলীর ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন- দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রঞ্জিত কুমার, কনস্টেবল আমিনুল হক, মানিক চন্দ্র ও মো. জালাল। তারা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জেলা পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান বলেন, ‘চিহ্নিত সন্ত্রাসী জুয়েলকে গ্রেফতার করতে যায় স্থানীয় দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে জুয়েল গুলিবিদ্ধ হন এবং চার পুলিশ সদস্য আহত হন।’

তিনি জানান, জুয়েলের কাছ থেকে ৮ রাউন্ড গুলিসহ একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে আহত জুয়েল জানান, রাতে তিনি ঘুমিয়ে ছিলেন। প্রতিপক্ষের লোকজন তার ওপর আক্রমণ করেছে ভেবে তিনি চার রাউন্ড গুলি ছুড়েছেন বলে সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন।

ইআর