জেলার সদর উপজেলার লেমুয়া গ্রামে স্বামীর সঙ্গে অভিমান করে দুই শিশুসহ বিষপান করেছেন রোজী (২৬) নামের এক গৃহবধু। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে তাদের বরগুনা জেনারেল হাসপাতালে আনা হলে রাত ৯টার দিকে মারা যায় তায়িবা (৩) ও মৌমি (৫)।
গুরুতর অসুস্থ অবস্থায় রোজীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
নিহত দুই শিশুর বাবার নাম রোমান পঞ্চায়েত। তিনি লেমযা পঞ্চায়েত বাড়ির সুনু পঞ্চায়েতর ছেলে। ঘটনার সময় বাড়িতে ছিলেন না রোমান। ওই বাড়ির গৃহকর্মী হারুন (৩০) জানান, কয়েকদিন আগে রোজী বিড়াল মারার জন্য বাজার থেকে বাসুডিন আনতে বলেন। শুক্রবার সকালে বাজার থেকে বাসুডিন এনে দেন। শনিবার সন্ধায় দোকান থেকে চানাচুর কিনে আনতে পাঠান। হারুন ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখেন। শিশুদের কান্না শুনে জানালা ভেঙ্গে ভিতরে ঢুকেন। দেখতে পান দুই শিশুকে বিষপান করিয়ে রোজী নিজেও বিষপান করেছেন।
স্বজনদের খবর দেওয়া হলে তাদের বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শনিবার রাত ৯টার দিকে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু হয়। এ সময় উপস্থিত স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে হাসপাতাল। খবর পেয়ে পরিদর্শনে আসেন জেলা পুলিশ সুপার। এ ঘটনার যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণেই এ ঘটনা ঘটেছে। এ দিকে রোজীর স্বামী রোমান হাসপাতালে আসলেও স্বজনরা তার সঙ্গে কাউকে কথা বলতে দিচ্ছেন না।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ রিয়াজ হোসেন (পিপিএম) বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা বা কাউকে গ্রেফতার করা হয়নি।
এএইচ





