সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ, রায়পুরে রেল জংশন স্থাপন এবং সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত বাইপাস রেলপথ নির্মাণের দাবিতে গণমিছিল করেছে সিরাজগঞ্জবাসী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার চত্বরে এ গণমিছিল শেষে এক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, সিরাজগঞ্জ এক সময়ে রেল শহর হিসেবে পরিচিত ছিল। পৌর এলাকার মধ্যেই ৪টি রেলওয়ে স্টেশন ছিল। এখন একটি মাত্র রেলপথে দুটি ট্রেন যাতায়াত করছে। সিরাজগঞ্জবাসীর দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে ২০১৩ সালের জুন থেকে শহরের বাজার স্টেশন থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেন রাজশাহী-সিরাজগঞ্জ-ঢাকা চলাচল করছে। কিন্তু বাজার স্টেশন থেকে শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত বাইপাস রেলপথ না থাকায় অন্য পথ হয়ে ঘুরে ট্রেনটি চলাচল করছে। এ কারণে অতিরিক্ত সময় ব্যয়ের পাশাপাশি জেলা সদরের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ত ডা. জহুরুল হক রাজা, জেলা জাসদের সহ-সভাপতি আবু বকর ভুইয়াসহ আরও অনেকে।

জেআই