শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে চার যাত্রীর কাছ থেকে আমদানিনিষিদ্ধ ৮৪১ কার্টন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

বুধবার রাতে এ খবর নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান। তিনি জানান, চাঁদপুরের তোফায়েল, চট্টগ্রামের মুহাম্মাদ নুরুল হুদা, ইমরান শাকিল ও হাবিবুর হাসানের কাছ থেকে সিগারেটগুলো জব্দ করা হয়েছে।

যাত্রী তোফায়েল শারজাহ থেকে সকালে ও মুহাম্মাদ নুরুল হুদা, ইমরান শাকিল ও হাবিবুর হাসান কুয়ালালামপুর থেকে বিকালে শাহজালালে অবতরণ করেন।

গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। যাত্রীরা বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার সময় তাদের গতিরোধ করা হয়।

এরপর কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের সঙ্গে থাকা ১০টি লাগেজ খুলে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটগুলো জব্দ করে।

জব্দ করা সিগারেটের শুল্ককরসহ বাজারমূল্য প্রায় ৫০ লাখ ৪৬ হাজার টাকা। জব্দ করা সিগারেটের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
জেড